বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও কীটতত্ত্ববিদদের মতে, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি পাওয়ায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। চলতি বছরে এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৯ জন। রাজধানী ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এডিস মশার লার্ভা ধ্বংসে এবং জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ মশক নিধন অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ডোবা, ড্রেন ও নালাগুলো পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি ফেলে দেওয়ার ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে। চিকিৎসকরা বলছেন, জ্বর হলে ঘরে বসে না থেকে অবিলম্বে ডেঙ্গু টেস্ট করানো উচিত। ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইডিং এবং সমন্বিত মশক নিধন কার্যক্রমের বিকল্প নেই।
ছবি: সংগৃহীত